বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব
জুবায়ের বলেছেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম মিল্লাতকে যে ত্যাগের শিক্ষা দিয়ে যায়। সেই ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মুমিনদেরকে আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে ইসলামী আন্দোলন ও ইসলামী নেতৃত্বের বিরুদ্ধে সুগভীর ষড়যন্ত্র চলছে। এ ব্যাপারে জাতিকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে গণমানুষের প্রিয় কাফেলা জামায়াতে ইসলামীর সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আযহার মহান শিক্ষাকে কাজে লাগিয়ে ত্যাগের সর্বোচ্চ ইতিহাস সৃষ্টির মাধ্যমে হলেও এদেশের সবুজ ভূ-খন্ডে ইসলামী আন্দোলন চূড়ান্ত সফলতা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
তিনি গতকাল সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা জামায়াতের আমীর শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী চৌধুরী আব্দুল বাছিত নাহির এর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাহরাইন প্রবাসী জামায়াত নেতা মাহতাব উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জামায়াত নেতা মাওলানা ফয়জুর রহমান, মঞ্জুর রহমান, নিজাম উদ্দিন ও ইসলামী ছাত্র শিবির শাহপরান থানা সভাপতি কামাল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি






