স্টাফ রিপোর্টার
নগরী থেকে হত্যা ও একাধিক মামলার ৩ পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র সদস্যরা। রবিবার বিভিন্ন সময় নগরীর বন্দরবাজার ও ক্বীন ব্রীজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলার আসামী একজন, নেত্রকোনায় হত্যা মামলায় একজন ও ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৬টি মামলায় একজন আসামি রয়েছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনিরচর এলাকার আছদ্দর আলীর ছেলে শওকত আলী মেম্বার, নেত্রকোনা জেলার শিমুলাটি এলাকার সাদির বিশ্বাসের ছেলে শামীম বিশ্বাস (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর থানার উত্তর কালনিরচর এলাকার মৃত সাজিদ উল্লাহর ছেলে মোবারক হোসেন মেন্দী (৬০)।
র্যাব-৯ জানায়, নগরীর বন্দরবাজার এলাকা থেকে রবিবার দিবাগত রাত দেড় টার দিকে ১৫ মামলার পলাতক আসামী শওকত আলী মেম্বারকে গ্রেফতার করে র্যাব। সোমবার বিকেলে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, তার বিরুদ্ধে সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে তাকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, দীর্ঘদিন আত্মগোপন থাকার পর রবিবার মধ্যরাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)’র অভিযানে নগরীর ক্বীন ব্রিজ এলাকা থেকে নেত্রকোনার একটি হত্যা মামলার পলাতক আসামী শামীম বিশ্বাসকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে নেত্রকোনায় হত্যা মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে নেত্রকোনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, রবিবার দুপুরে নগরীর বন্দরবাজার এলাকা থেকে ৬ মামলার পলাতক আসামি মোবারক হোসেন মেন্দীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)’র সদস্যরা। গ্রেফতারকৃত মোবারক হোসেন বিরুদ্ধে ঢাকা, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় ৬টি মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে সিলেটের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।








