মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা গোপন তথ্যের ভিত্তিতে ৪০টি ভারতীয় গরুসহ ৪ জনকে আটক করেছে। রবিবার রাত ১ টা থেকে ৩ টা পর্যন্ত উপজেলার কায়েতকান্দা গুদারা ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(এন এস আই) জানায়, জেলা এনএসআই সুনামগঞ্জ কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করে কায়েতকান্দা গুদারা ঘাট সংলগ্ন এলাকা থেকে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্তের চোরাই পথে আনা ৪০টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসময় মধ্যনগর উপজেলার আমানিপুর গ্রামের মৃত আব্দুল হাসেমের ছেলে মো. মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের আসন্তর আলীর ছেলে মো. আয়নাল হক (৪০), আব্দুল্লাহর ছেলে দুদু মিয়া (৩৪) ও জগন্নাথপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. আবুল কালামকে (৫৮) আটক করা হয়। আটককৃত আসামীসহ গরুগুলো মধ্যনগর থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজিব মিয়া ৪ জন আটকসহ ৪০টি গরু জব্দ এবং মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।








