স্টাফ রিপোর্টার
মুরাদপুর এলাকা থেকে পাথরচাপা দিয়ে লুকানো অবস্থায় ২৯৮ বস্তা চোরাই চিনিসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে শাহপরাণ (রহঃ) থানা এলাকা থেকে এসব চিনি জব্দ করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ। রবিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- জৈন্তাপুর থানার পানিছড়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে জাকির হোসেন (৩৭) ও একই থানার খান চা বাগান এলাকার মৃত দাইয়া পীরের ছেলে মো. জালাল (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহ পরাণ থানার মুরাদপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করলে একটি পাথরবাহী ট্রাক থামে। ট্রাকে তল্লাশি চালিয়ে পাথরের নিচে লুকানো ২৯৮ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। ‘হোয়াইট ক্রিস্টাল সুগার, ইন্ডিয়া’ (ডঐওঞঊ ঈজণঝঞঅখ ঝটএঅজ, ওঘউওঅ) লেখা প্রতিটি বস্তায় ৪৯ কেজি করে মোট ১৪ হাজার ৬০২ কেজি চিনি জব্দ করা হয়। এর আনুমানিক মূল্য ১৭ লাখ ৫২ হাজার ২৪০ টাকা।
এতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দু’জন চিনিগুলো চোরাচালানির বলে স্বীকার করেন। সিলেটের সীমান্ত উপজেলা জৈন্তাপুরের হরিপুরের বাসিন্দা মোহাম্মদ জয় চোরাই চিনির মালিক। এ ঘটনায় গ্রেফতার দু’জনসহ চোরাই চিনির মালিকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুজনকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত শুক্রবার পাথরবাহী ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯৮ বস্তা চোরাই চিনি জব্দ করে দু’জনকে গ্রেফতার করা হয়েছিল।








