দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এই পেনশন স্কিম চালু করা হয়েছে। আমরা যে অঙ্গীকার করি, সেটা আমরা রাখি। সেটা আজকে আমরা প্রমাণ করেছি। এটাই আমাদের জন্য আত্মতুষ্টির বিষয়। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানুষ যখন বৃদ্ধ হয়, পরিণত বয়স হয়, আয়-রোজগারের সামর্থ্য থাকে না, অথবা অসুস্থ হয়ে কর্মহীন হয়ে পড়েন বা কাজ করতে পারেন না, এই পেনশন স্কিম সেই সময়ের জন্য সুরক্ষা ব্যবস্থা হিসেবে থাকবে। অনেক সময় বয়স্ক ব্যক্তি পরিবারের কাছে বোঝা হয়ে যায়। এমনকি ছেলেমেয়েরাও দেখতে চায় না। এই অবস্থায় অসহায় হয়ে যান বৃদ্ধরা। অসহায় না হওয়ার যেই লক্ষ্য নিয়ে বয়স্ক ও বিধবা ভাতা চালু করেছিলাম, আজ আমরা পেনশন স্কিম চালু করে দিলাম। যারা বয়স্ক ও বিধবা ভাতা নিতে পারেন না, তাদের জন্যও সুরক্ষা ব্যবস্থা হবে। কারও কাছে হাত পেতে খেতে হবে না।
চার শ্রেণির নাগরিককে টেকসই ও সুসংগঠিত সামাজিক নিরাপত্তাকাঠামোর আওতায় আনতে দেশে প্রথমবারের মতো চালু হলো সর্বজনীন পেনশন কর্মসূচি।
প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা- এই চার নামে চার শ্রেণির মানুষের জন্য আলাদা স্কিম চালু হলো। আরও দুটি স্কিম পরে সুবিধাজনক সময়ে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে প্রবাস স্কিম শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। যেসব প্রবাসীর জাতীয় পরিচয়পত্র নেই, তারা পাসপোর্টের তথ্য দিয়ে পেনশন স্কিমে নিবন্ধনের আবেদন করতে পারবেন। প্রগতি স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের জন্য। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো কর্মচারী বা ওই প্রতিষ্ঠানের মালিক এতে অংশ নিতে পারবেন। অনানুষ্ঠানিক খাতে কর্মরত বা স্বকর্মে নিয়োজিত ব্যক্তিরা যেমন- কৃষক, রিকশাচালক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতিরা অংশ নিতে পারবেন সুরক্ষা স্কিমে। আর দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী স্বল্প আয়ের ব্যক্তিরা (যাদের বর্তমান আয়সীমা বছরে সর্বোচ্চ ৬০ হাজার টাকা) সমতা স্কিমে অংশ নিয়ে পেনশনের আওতায় আসতে পারবেন। এসব স্কিমের চাঁদার কিস্তি পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। চাঁদা দেওয়ার সময়ের ভিত্তিতে চারটি স্কিমের জন্যই মাসিক চাঁদার পরিমাণ এবং পেনশনের পরিমাণ আলাদা আলাদাভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। পেনশন স্কিমে অংশ নিতে বাংলাদেশি নাগরিকদের অনলাইনে নিবন্ধন করতে হবে। যে কোনো স্কিমে নিবন্ধিত হওয়ার পর পেনশন কর্তৃপক্ষ ধার্যকৃত হারে নিয়মিত চাঁদা দিতে হবে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে পেনশন কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে মাসিক চাঁদা জমা দেওয়া যাবে। প্রবাসী বাংলাদেশিরা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে চাঁদা জমা দিতে পারবেন। সব স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদাদাতার পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধ করা যাবে। চাঁদার টাকা জমা হলে চাঁদাদাতার রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএম দিয়ে জানানো হবে। পেনশনব্যবস্থা পরিচালনা ও বাস্তবায়নের দায়িত্বে রয়েছে অর্থ বিভাগের আওতাধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষ। ১৮ থেকে ৫০ বছর বয়সি জাতীয় পরিচয়পত্রধারী সব বাংলাদেশি নাগরিক নিজেদের জন্য প্রযোজ্য স্কিমে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সিরাও পেনশন স্কিমে অংশ নিতে পারবেন। পেনশন স্কিমে যুক্ত হয়ে নিরবচ্ছিন্নভাবে চাঁদা দিয়ে গেলে ৬০ বছর বয়স থেকে আজীবন পেনশন মিলবে।
৭৫ বছর পূর্ণ হওয়ার আগে কেউ মারা গেলে তার নমিনি মূল পেনশনারের বয়স ৭৫ হওয়ার বাকি সময় মাসিক ভিত্তিতে পেনশন পাবেন। ১০ বছর চাঁদা দেওয়ার আগে কেউ মারা গেলে জমা হওয়া অর্থ মুনাফাসহ ফেরত পাবেন নমিনি। পেনশনের অর্থ বিনিয়োগ হিসেবে গণ্য হবে এবং মাসিক পেনশনের অর্থ আয়করমুক্ত থাকবে। দেশের বিভিন্ন শ্রেণির মানুষের ভবিষ্যতের কথা বিবেচনা করে এই জনবান্ধক প্রকল্প হাতে নিয়েছে সরকার। ২০০৮ সালে নির্বাচনী ইশতেহারের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। তার এ উদ্যোগের সফল বাস্তবায়ন হোক এটাই আমাদের প্রত্যাশা।







