কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেটের কানাইঘাটে অমুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেয়ার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)’র পরিচালক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজমুল হক। অভিযোগে তিনি উল্লেখ করেছেন, কানাইঘাট উপজেলার ঠাকুরেরমাটি গ্রামের মৃত মনোহর আলীর ছেলে হামিদুর রহমান কোন মুক্তিযোদ্ধা নন। বিগত ২৪/১০/১৯৯৪ সনে বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎকালীন সহকারি সচিব ফজলুল হক মাধ্যমে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হয়। এরপর ০৮/০২/২০০৪ইং তারিখে উপজেলা ওয়ারী প্রকৃত মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে যাচাই বাছাই কার্যক্রম সমাপ্ত করা হয়। সে সময় সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে মুক্তিযোদ্ধাদের তালিকা করা হলেও হামিদুর রহমান মুক্তিযোদ্ধা নন এবং মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী নন বলে নামঞ্জুর তালিকায় তার নাম অর্ন্তভুক্তি হয়। এরপর সর্বশেষ উপজেলার সকল জীবিত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে ২০১৭ইং তারিখে ৪ ফেব্রুয়ারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করা হয় সরকারি ভাবে। সে সময় ১৮নং ক্রমিকে যার নাম ছিল ‘গ’ তালিকাভুক্ত হামিদুর রহমানের নাম অমুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
অভিযোগকারী বীরমুক্তিযোদ্ধা নজমুল হক বলেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী অমুক্তিযোদ্ধা হামিদুর রহমানের জন্ম তারিখ হচ্ছে ০২/০৫/১৯৭৭ইং সনে। মুক্তিযোদ্ধা চলাকালীন সময় তার জন্মও হয়নি। ৩ বার অমুক্তিযোদ্ধা তালিকায় তার নাম থাকার পরও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৭৫ তম সভায় আলোচ্য সূচী ৫নং সিদ্ধান্ত মোতাবেক বেসরকারি গেজেট ৪৮৭০ নম্বরে অমুক্তিযোদ্ধা হামিদুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে তার নাম গেজেট তালিকায় অর্ন্তভুক্ত করায় উপজেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে হামিদুর রহমানকে মুক্তিযোদ্ধার গেজেট তালিকা থেকে বাদ দিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নজমুল হক জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহা পরিচালক ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার সিলেট বিভাগের সদস্য উপাধ্যক্ষ আব্দুস সহিদ এমপির বরাবরে সম্প্রতি লিখিত অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে হামিদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে বলেন ১৯৭১ সালে তিনি সরাসরি যুদ্ধে অংশ্রগ্রহণ করেছেন। বিধায় মুক্তিযুদ্ধের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।






