মোঃ এনামুল হক :
মেঘগুলো ছুটি নিয়ে
গেল মামার বাড়ি,
বৃষ্টির রানী জমালো তাই
অন্য দেশে পাড়ি।
বাংলায় এল হেমন্ত ভাই
আনন্দের শেষ নাই,
মাঠের মধ্যে কাঁচা ধানের
গন্ধ শুধু পাই।
ধান ধরেছে ডগায় ডগায়
যেনো মৌমাছির বাসা,
গোলায় ধান তুলবে কৃষক
বুকে অনেক আশা।
স্নিগ্ধ সকালে শিশির ভেঙ্গে
কৃষক মাঠে যায়,
দেখে ধান কৃষক ভাই
খুব আনন্দ পায়।
ধানের ডগায় শিশির বিন্দুর
গলায় যেনো ফাঁসি,
ফোকলা দাঁতে সূর্যি মামা
দূর থেকে দেয় হাসি।





