স্টাফ রিপোর্টার :
আষাঢ়ের মাঝামাঝি। গতকাল রবিবার বিকেলে বৃষ্টি নেমেছিল ঝেঁপে। প্রায় ঘন্টা খানেকের ভারী র্ষণে সিলেট মহানগরীর নিম্নাঞ্চলগুলোতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে মারাত্মক বিপর্যয়ে পড়েন পথচারীরা। রিশাচালক থেকে অটোচালকদেরও অনেক জায়গায় থমকে দাঁড়াতে হয়েছে।
রবিবার বিকেলে বৃষ্টিতে নগরীর হাওয়াপাড়া, সোবহানীঘাট, চালিবন্দর, মেন্দিবাগ, শাহজালাল উপশহরের নিম্নাঞ্চল, শেখঘাট, কাজিরবাজার ইত্যাদি এলাকার রাস্তাগুলোয় হাঁটু সমান পানি জমেছিল। এতে পথচারীদের মারাত্মক বিড়ম্বনা পোহাতে হয়।
নগরীর বিভিন্ন এলাকায় সিলেট সিটি করপোরেশনের উন্নয়ন কাজ চলছে দীর্ঘদিন। এসব কাজ কোথাও শেষ হলেও কোথাও কোথাও অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে। কোথাও আবার কাজ শেষ হলেও নির্মাণ সামগ্রী পড়ে আছে। অনেক জায়গায় নতুন ড্রেন নির্মাণ বা সংস্কার করা হলেও তা খুব একটা কার্য্যকর হয়নি। বৃষ্টির পানি আগের মতোই জমে যায়। শুরু হয় দুর্ভোগের। বছরের পর বছর ধরে সেই দুর্ভোগই পোহাচ্ছেন নগরবাসী।





