সাহেব মাহমুদ
যায় যদি যায়, যাক না চলে আমার তুচ্ছ জানটা,
হবে না তো ঘাটতি কিছু তোমার প্রতি টানটা।
একই নদীর দু’টি কূল যে কয় না কেউ তো ভিন্ন,
দেহের মাঝে প্রতি খাঁজে পাই যে তোমার চিহ্ন।
তুমি আমার সুখ বসতি অমিয়ধারা
তেষ্টায়,
ভাগ করিতে পারবে না কেউ থাকুক শত চেষ্টায়।
দিনের আলোয় সূর্য আমার রাতের বেলা জোছনা,
প্রেমের খেলায় লুকোচুরি আমার কাছে দোষ না।
সাদা-কালো,আঁধার-আলো,চলার পথে ছন্দ,
দোষ যদি দাও দোষি হব করবো না তো দ্বন্দ্ব।
যেমন খুশি শাসন-শোষন করবে আমার মনকে,
অগ্নিবাণে জ্বালতে পারো হাজার সবুজ বনকে।
প্রেমের মরা দূর হবে না যতই তাড়াও ঝাটাতে,
ফুলের চেয়ে মজা বেশি পাই যে আমি কাঁটাতে।
তোমার এমন রূপ মহিমা যায় না বলা ভাষাতে,
ক্ষুদ্র আমি তবু আছি তোমায় পাবার আশাতে।








