স্টাফ রিপোর্টার :
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে ইতিহাসে এবারই প্রথম হযরত শাহজালাল (রহ.) মাজারে অন্যান্য বারের মতো গতকাল শনিবার ও আজ রবিবার ২ দিনব্যাপী ৭০১তম ওরস মোবারক পালিত হচ্ছে না। বছর ওরসের আগের দিন থেকেই সিলেট জুড়ে ভক্ত-আশেকানদের ঢল নামলেও, এবছর দেখা গেছে তার উল্টো চিত্র। বিক্ষিপ্তভাবে ভক্ত-আশেকানদের গিলাফ ছড়ানো এবং জিয়ারতে আনাগোনা থাকলেও ছিলনা সেই চিরচেনা আমেজ রীতিনীতি ও কর্মসূচি পালনের উৎসাহ-উদ্দীপনা।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মাজারে প্রথম গিলাফ ছড়ান মাজারের মোতাওয়াল্লী ফতেহ উল্লাহ আল আমান সরকুম। পরে দিনভর বিক্ষিপ্তভাবে ভক্ত-আশেকরা মাজারে গিলাফ ছড়ান। তবে এসময় অন্যান্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসাথে গিলাফ ছড়াতে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যাক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি । দু’দিনব্যাপী ওরসের কর্মসূচির মধ্যে থাকে মাজারে গিলাফ ছড়ানো, মাজার জিয়ারত, জিগির-আসকার, আখেরি মোনাজাত ও শিরনি বিতরণ। এসব কর্মসূচির পাশাপাশি থাকে ভক্ত-আশেকানদের গান-বাজনার আসর।
মাজার কর্তৃপক্ষ জানান, করোনাভাইরাস এর সামাজিক সংক্রমণ বৃদ্ধির কারণে বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই ভক্ত ও আশেকানদের ভিড় না থাকায় এবারের ওরস মোবারকে নেই গতানুগতিক আমেজ। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সচেষ্ট রয়েছে পুলিশ প্রশাসন।






