হজ্বে এবার কাবাঘর স্পর্শ করা যাবে না

17

কাজিরবাজার ডেস্ক :
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে এবার সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে হজ্ব। এই হজ্বব্রত পালনের সময় পবিত্র কাবাঘর স্পর্শ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এবার প্রথমবারের মতো সৌদি আরবের বাইরে থেকে কেউ হজ্বে অংশ নিতে পারবেন না। দেশটিতে বসবাসরত হাজার খানেক মুসল্লি হজ্বব্রত পালন করবেন।
করোনাকালের এই হজ্বের বিষয়ে এক স্বাস্থ্য নির্দেশনায় সৌদি কর্তৃপক্ষ জানায়, সীমিত পরিসরের এবারের হজ্বে আল্লাহর ইবাদতের জন্য মুসলিমদের কেবলা পবিত্র কাবাঘর স্পর্শ করা যাবে না। নামাজের সময় এমনকি কাবা শরিফ তাওয়াফের সময় দেড় মিটার দূরত্ব বজায় রাখতে হবে হাজিদের।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস আরও জানায়, সোমবার সৌদির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) এক বিবৃতিতে বলেছে, কাবা শরিফ স্পর্শ না করা, নামাজসহ অন্যান্য অনুষ্ঠানিকতা পালনের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সীমিত সংখ্যক হাজি মিনা, মুজদালিফা ও আরাফাতে যাওয়ার অনুমতি পাবেন।
আগামী ১৯ জুলাই এবারের হজ্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। চলবে ২ আগষ্ট পর্যন্ত। এই সময়ে হাজি ও আয়োজকদের সর্বদা মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে গত মার্চ থেকে বন্ধ ছিল কাবা শরিফ। এবার হজ্ব পালন হবে কি না সংশয় ছিল। গত মাসে অভ্যন্তরীণ এক হাজার সৌদি নাগরিককে হজ্বের অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ।