গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জে নিজের গাড়ীর নিচে চাপা পরে মোশাররফ হোসেন (৪৫) নামে এক লরি চালকের মৃত্যু হয়েছেন। গতকাল সোমবার দুপুর ২টায় গোলাপগঞ্জ মডেল থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময় চালককে বাঁচাতে গিয়ে তার সহযোগী আহত হয়েছেন। নিহত মোশাররফ যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের ট্যাংক লরির চালক ও তার বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। আহত সহযোগী মোহাম্মদ বাবুল মিয়া (৫০) নোয়াখালীর সদর থানার রামসাপুর গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোশাররফ হোসেনের ট্যাংক লরি গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে তিনি নিজে তা মেরামতের চেষ্টা করেন। এক পর্যায়ে তিনি গাড়ির নিচে ঢুকলে গাড়ির বডি তাকে চাপা দেয়। এতে তার মৃত্যু ঘটে। এসময় তার সহযোগী বাবুল মিয়া তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমানের সাথে আলাপ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।








