কাজিরবাজার ডেস্ক :
প্রধান বিচারপতির এজলাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টানানো হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের উপস্থিতিতে আপীল বিভাগে জাতির পিতার প্রতিকৃতি টানানো হয়। এ সময় সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মোঃ জাকির হোসেন, আপীল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম ভূঁইয়া, হাইকোর্টের রেজিস্ট্রার গোলাম রাব্বানী ও সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার মোঃ সাইফুর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সুপ্রীমকোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, প্রধান বিচারপতি বেলা সাড়ে ১১টায় এজলাস কক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করেন। এর আগে হাইকোর্টের আদেশের পর সারাদেশের প্রতিটি আদালত কক্ষ/এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শন বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। হাইকোর্টের আদেশের পর সারাদেশের অধঃস্তন আদালতগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙ্গানো হয়। ২৯ আগষ্ট দুই মাসের মধ্যে সারাদেশের প্রতিটি আদালত কক্ষে/এজলাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনের নির্দেশ প্রদান করে হাইকোর্ট। একইসঙ্গে একটি রুল জারি করে আদালত। আদালত কক্ষে জাতির জনকের প্রতিকৃতি সংরক্ষণ ও প্রদর্শনে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনী এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে ওই রুলে। আইনসচিব, গৃহায়ন ও গণপূর্তসচিব, অর্থসচিব, সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারকে এর জবাব দিতে বলা হয়েছে। আদালত কক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙ্গানোর নির্দেশনা বাস্তবায়নে কতটা অগ্রগতি হলো, তাও ওই দুই মাসের মধ্যে জানাতে বলেছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে. এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এক রিটের ওপর প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ প্রদান করেছেন।






