উপজেলা নির্বাচনে দলীয় নির্দেশ লঙ্গনের দায়ে কানাইঘাটে ৪ বিএনপি নেতাকে অবাঞ্ছিত ঘোষণা

228

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সদ্য সমাপ্ত কানাইঘাট উপজেলা পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশের পক্ষে দলীয় নির্দেশ উপেক্ষা করে নির্বাচনী মাঠে কাজ করার দায়ে কানাইঘাটের ৪ বিএনপি নেতা কে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টায় কানাইঘাট লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের উদ্যোগে স্থানীয় মমতাজগঞ্জ বাজারে এক কর্মী সভার মাধ্যমে দলীয় নির্দেশ লঙ্গন করে আওয়ামীলীগ নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করে বক্তব্য রাখার দায়ে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপির বর্তমান সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউপি বিএনপির সিনিয়র সদস্য ফখরুদ্দিন চৌধুরী, সদস্য আজিজুল আম্বিয়া কে কর্মী সভায় ইউপি বিএনপির সকল সাংগঠনিক কর্মকান্ড থেকে তাদের অবাঞ্ছিত ঘোষনা করা হয়। দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এসব নেতাদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়। ইউপি বিএনপির সিনিয়র সদস্য আব্দুন নূরের সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় কর্মী সভায় ইউপি বিএনপি ও সহযোগি সংগঠনের তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহ-দপ্তর সম্পাদক শফিকুর রহমান মেনন, ইউপি বিএনপির সহ-সভাপতি এবাদুর রহমান মেম্বার, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সিদ্দিকী লিটন, উপজেলা যুবদলের উপজেলা যুবদলের সহ সভাপতি আশরাফুল আম্বিয়া, সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, ইউপি যুব দলের সাধারণ সম্পাদক ইয়াহিয়া আহমেদ, যুবদল নেতা রেজা, সাবেক যুবদলের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, ইউপি ছাত্রদলের সভাপতি সাইয়্যান আহমদ, সহ-সভাপতি বাবলু প্রমুখ। কর্মী সভায় বক্তারা আরো বলেন, তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে আজ মিথ্যা মামলার আসামী হয়ে কারাগারের অন্ধপকোষ্টে রেখে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে টেলে দেওয়া হচ্ছে। একতরফা অনুষ্ঠিত উপজেলা নির্বাচন দেশের মানুষ প্রত্যাখ্যান করেছেন। কিন্তু কানাইঘাটের কতিপয় এসব নেতাকর্মীরা নিজেদের স্বার্থের জন্য দলের বিরোদ্ধে অবস্থান নেওয়ায় নেতাকর্মীরা তাদের প্রত্যখান করে অবাঞ্ছিত ঘোষণা করেন।