১ এপ্রিল শুরু হতে যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সমস্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ এসেছে শিক্ষা মন্ত্রণালয়। বাণিজ্যনির্ভর এই কোচিং সেন্টার তুলে দেয়ার সরকারী পরিকল্পনার অংশ হিসেবে এমন আদেশ জারি করা হয়।
কোচিং সেন্টারগুলো পরীক্ষার কারণে সাময়িক বন্ধ করলে অন্যান্য শিক্ষার্থীর পড়াশোনায় কিছুটা ক্ষতি হলেও ভবিষ্যতে আরও উন্নত ব্যবস্থার কথা বিবেচনায় আনতে হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে অভিমত ব্যক্ত করেন, কোচিং-এর বহুমাত্রিক সম্প্রসারণ পরীক্ষার্থীদের জন্য ভাল হয় না বলেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরও আছে কিছু অসাধু ব্যক্তির নিয়ম না মানার অপসংস্কৃতি। যার কারণে বাধ্য হয়ে সব ধরনের কোচিং সেন্টারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। অন্যান্য শিক্ষার্থীর অসুবিধার কথা চিন্তা করে ডা. দীপু মনি সংশ্লিষ্টদের প্রতি পরিস্থিতিকে আমলে নেয়ার আহ্বান জানান।
গত কয়েক বছরের প্রশ্নপত্র ফাঁসকে রোধ করতে গত বছরই অনেক নিয়ম কানুন চালু করে এমন অনিয়মকে সামলাতে হয়েছে। এবারও যেন নতুন কোন বিপত্তি পরীক্ষা কেন্দ্রে আশঙ্কা সৃষ্টি করতে না পারে, সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একা মন্ত্রীর পক্ষে সবকিছু সামলানো সম্ভব নয়। সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টা, কর্মতৎপরতা ও দায়বদ্ধতায় পুরো কার্যক্রম আইনানুগ ও পরিকল্পিত ব্যবস্থাপনায় পরিচালিত হবে, এমন প্রত্যাশা সচেতন জনগোষ্ঠীর।


