মৌলভীবাজারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ॥ যৌন হয়রানী রোধে সকল দপ্তরকেই একসাথে কাজ করা প্রয়োজন

30

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেছেন, নারীদের সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে আরো সচেতনভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বৈষম্য ও যৌন হয়রানী রোধে মেয়েদের পাশে দাঁড়াতে সকলকে আহবান করেন।
২৭ জানুয়ারী রবিবার দুপুরে মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলে অনুষ্ঠিত এমপাওয়ারিং গার্লস সেলফ-প্রটেকশন এন্ড জাস্টিস শীর্ষক কার্যক্রমের অংশীজনের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, অভিভাবকসহ সর্বস্তরের সচেতন নাগরিকরা যৌন হয়রানী রোধে মেয়েদের সহযোগিতা করার জন্য কাজ করতে হবে।
স্থানীয় রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদি হাসান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান। বক্তব্য রাখেন ব্র্যাক কমিউনিটি রেডিও প্রজেক্ট প্রোগ্রাম ম্যানেজার ও সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির ইনচার্জ আজিজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মসাহিদ আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, প্রকল্প পরিচিতি ও উদ্দেশ্য সর্ম্পকে আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার রেহেনা বেগম।