জিন্দাবাজারে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৭৫টি মোবাইল সহ ২০ লাখ টাকার মালামাল উধাও

49

স্টাফ রিপোর্টার :
নগরীর ব্যস্ততম এলাকা জিন্দাবাজারের সবুজ বিপণীর একটি মোবাইলের দোকানে অভিনব কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এম এ ডিস্ট্রিবিউটর নামের এই দোকান থেকে বিভিন্ন কোম্পানীর প্রায় ৭৫টি মোবাইলসহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা। শুধুমাত্র স্বল্প মূল্যের বারফোন ছাড়া মোবাইলের দামি দামি এক্সেসরিজসহ পুরো দোকান খালি করে ফেলেছে তারা। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে জিন্দাবাজার সবুজ বিপণী মার্কেটের গলির সামনের এম এ ডিস্ট্রিবিউটর নামক দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. আনিস জানান, বৃহস্পতিবার ইফতারের পূর্বে দোকান বন্ধ করে চলে যান। এই দোকানের পাশেই তাদের আরেকটি মোবাইলের দোকান আছে সেটি খোলা ছিল। রাত ১১টার দিকে তারাবিহ নামাজের পর তারা এই দোকানটি বন্ধ করে যান। যাওয়ার সময় তারা খেয়াল করেন চুরি হওয়া দোকানের সামনে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। তখন তারা দোকানের সামনে এসে ঠিকঠাক দেখে চলে যান। এরপর গতকাল শুক্রবার সকালে দোকান খুলতে গিয়ে দেখেন পুরো দোকান খালি। দোকানের ডামি ফোন থেকে শুরু করে প্রায় সবকিছুই চুরি হয়ে গেছে। তিনি আরো জানান, পরে দোকানের সিসি টিভি ফুটেজ থেকে তারা দেখতে পান, ১০টা ৫২ মিনিটে দোকানের সামনের তালা ভেঙ্গে একজন ভেতরে ঢুকে। তার সাথের আরো কয়েকজন তারা বাইরে ছিল। তাদের একজন ভেতরে ঢোকার পর তারা বাইরে থেকে নতুন আরেকটি তালা লাগিয়ে দেয়, যাতে তালা ভেঙ্গে কেউ ভেতরে ঢুকেছে তা বোঝা না যায়। এর কিছুক্ষণ পর পাশের দোকান লাগানোর সময় এই দোকানের সামনে মানুষ দেখে যখন আমাদের মানুষ চেক করতে আসে তখন দেখে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক আছে। এটা দেখে তারা চলে যায়। সেই সুযোগে তারা পুরো দোকানের প্রায় ৭৫টি দামি দামি মোবাইল ও এক্সেসরিজসহ পুরো দোকান খালি করে নিয়ে যায়। যেগুলোর বাজার মুল্য প্রায় ২০ লাখ টাকা। এদিকে, ঘটনার পর গতকাল শুক্রবার সকালে চুরির বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে জানিয়েছেন দোকানের মালিক। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান মো. আনিস।