স্টাফ রিপোর্টার :
নগরীর কালিবাড়ি থেকে খুন, ডাকাতি, চাঁদাবাজিসহ ৯ মামলার আসামি তানিম আহমেদ বাবুল ওরফে বাবলুকে
অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে কালিবাড়ি থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত তানিম নগরীর আখালিয়া নোয়াপাড়ার ৫১/বি বন্ধন আবাসিক এলাকার জমশেদ আলীর পুত্র। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এসএমপির পুলিশ কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) জেদান আল মুসা প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতার তানিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বুধবার দিবাগত রাতে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলামের নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই/(নি.) সুজন তালুকদার, এসআই (নি.) অঞ্জন কুমার দাশ, সেকেন্ড অফিসার এসআই (নি.) দিবাংশু পাল, এএসআই (নি.) সাজিদ খানসহ অন্যান্য ফোর্সদের সহায়তায় অভিযান পরিচালনা করে কালিবাড়ি এলাকা থেকে তানিমকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি আধুনিক পাইপগান উদ্ধার করা হয়। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার জালালাবাদ থানায় অস্ত্র আইনে মামলা (নং-০৮) রুজু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তানিমের বিরুদ্ধে জালালাবাদ থানা ও এয়ারপোর্ট থানার ৯টি মামলা আদালতে বিচারাধীন আছে বলেও পুলিশ উল্লেখ করে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।







