স্টাফ রিপোর্টার :
এমসি কলেজ ছাত্রাবাসে ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলার অভিযোগপত্র দাখিল করেছে শাহপরাণ থানা পুলিশ। অভিযোগপত্রে মামলার এজহার নামীয়দেরকে আসামী করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার এসআই জয়ন্ত কুমার। তিনি জানান- গত ২৩ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলায় যাদেরকে আসামী করা হয়েছে তাদেরকে অভিযোগপত্রে অভিযুক্ত করা হয়েছে। শাহপরাণ থানার ওসি আক্তার হোসেন অভিযোগপত্র দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান-পুলিশ তদন্ত শেষে দ্রুত সময়ের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। অভিযোগপত্রে মামলার এজহার নামীয় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে।
সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টিলগড় কেন্দ্রীক ছাত্রলীগের টিটু চৌধুরীর অনুসারিরা এ হামলার ঘটনা ঘটায়। এরপর এ ঘটনায় শাহপরাণ থানায় কলেজ কর্তৃপক্ষ রহস্যজনক কারণে মামলা না করে সাধারণ ডায়রি করেন। এরপর আদালতের নির্দেশে রোববার (১৬ জুলাই) থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ। মামলায় টিটু চৌধুরীসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- টিটু চৌধুরী, রবিউল আলম, শিহাব, সুুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাওয়ার আবদুল মান্নানের ছেলে কাউসার, তাহিরপুর উপজেলার রতনশ্রী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাওন, সুনামগঞ্জ সদরের অচিন্ত্যপুর এলাকার ইলিয়াস মিয়ার ছেলে রাফিজুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার কাজীপুর গ্রামের অরবিন্দ চৌধুরীর ছেলে নিউটন চৌধুরী, তাহিরপুর উপজেলার কালিজুড়ি রামনগর এলাকার আব্দুল হাসিমের ছেলে সোহাগ মিয়া ও মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার উত্তরভাগ গ্রামের সুভাষ আচার্য্যে ছেলে সৌরভ আচার্য্য।







