জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জের একটি পৌরসভা, একটি ইউনিয়ন ও ৩টি ওয়ার্ড উপ-নির্বাচনের দায়িত্ব পালনকারী ৩০৬ জন আনসার সদস্যের প্রায় ৬ লক্ষ টাকা উপজেলা আনসার কর্মকর্তা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবাদে গত রবিবার আনসার সদস্যদের একটি বিক্ষোভ মিছিল জকিগঞ্জ পৌর শহর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসার মাধ্যমে আনসার ভিডিপির ডিডি সিলেটের বরাবরে আনসার গ্র“প কামান্ডর আজিজুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র প্রদান করা হয়েছে। লিখিত অভিযোগ প্রদান শেষে আনসার সদস্যরা উপজেলা চোরা চালান প্রতিরোধ কমিটির সভা চলাকালিন সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও সকল বিভাগীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সম্মুখে আনসার কর্মকর্তা বিধান চক্রবর্তীর নিকট ভাতার টাকা চায় ও অপসারণ চেয়ে শ্লোগান শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধি বৃন্দ তাদেরকে ভাতার টাকা পাওয়ার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন আনসার সদস্য আশুক আহমদ, আব্দুল হান্নান, খলিল উদ্দিন, আব্দুর রাজ্জাক, আব্দুল কাদির, আব্দুল খালিক, জামেলা বেগম, ফরিদা আক্তার সহ বিভিন্ন ইউনিয়ন কামান্ডার সহ আনসার সদস্যরা। তাদের অভিযোগে জানা গেছে ২০১৩ সালে জকিগঞ্জের ৩ ইউপির ৩ ওয়ার্ডের নির্বাচনের দায়িত্ব পালনকারী ৪৫ জন, ২০১৪ সালে বারহাল ইউপি ও জকিগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে দায়িত্ব পালনকারী ২৬১ জন আনসার সদস্য এখনো তাদের ভাতার টাকা পায়নি। আনসার সদস্যরা ভাতার টাকার খোজ করলে উপজেলা আনসার কর্মকর্তা বিধান চক্রবর্তী বলেন, নির্বাচনের দায়িত্ব পালনের ভাতা এখনো আসে নাই। এ নিয়ে বেশী চাপাচাপি করলে ধমক শুনতে হয়। তারা আরও বলেন, গত দুর্গা পূজায় আনসার সদস্যদেরকে ২ হাজার টাকা ভাতার বদলে ৫০০ টাকা করে দেয়া হয়েছে। কেউ আনসার কর্মকর্তার অনিয়মের প্রতিবাদ করলে তাকে পূজায় কিংবা নির্বাচনের দায়িত্ব পালন করতে দেয়া হয় না।
এ ব্যাপারে জেলা আনসার রেঞ্জ কর্মকর্তা গোলাম কিবরিয়ার সাথে মোবাইল ফোনে ০১৭৩০০৩৮০৫৬ নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাতার টাকা ব্যাংকে জমা রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন অফিসের সাথে যোগাযোগের পরামর্শ দেন।








