নগরী থেকে অপহৃত শিশু ২দিন পর ছাতক থেকে উদ্ধার

44

77772-259x300স্টাফ রিপোর্টার :
নগরীর পুরানলেন থেকে অপহৃত ৪ বছরের শিশু লামিসা তানভিকে ২দিন পর ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল ৩ টায় ছাতক থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে। তবে ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। উদ্ধার হওয়া শিশু লামিসা তানভি নগরীর জিন্দাবাজার পুরানলেন ১০ নম্বর বাসার হারুন রশীদ ও ফাতেমা ফেরদৌসীর মেয়ে। তাদের গ্রামের বাড়ি কানাইঘাট উপজেলার লামা ঝিংগাবাড়িতে।
অপহৃত শিশুর পরিবারের বরাত দিয়ে কোতোয়ালী থানার সহকারী কমিশনার (এসি) এস এম সাজ্জাদুল আলম জানান, প্রায় এক মাস আগে সায়মা আক্তার নামের এক মেয়েকে গৃহকর্মী হিসেবে নিয়োগ দেন হারুন রশীদ দম্পতি। তিনি জানান, গত ২২ নভেম্বর বেলা ২টার দিকে শিশু লামিসাকে নিয়ে সায়মা পালিয়ে যায়। এ ঘটনায় সায়মা, তার সহযোগী সাবুল ও অপর এক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন লামিসার মা ফাতেমা ফেরদৌসী। অভিযোগ পেয়ে মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গতকাল সোমবার বিকেল ৩টায় সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের খল্লাগ্রাম বাজার থেকে লামিসাকে উদ্ধার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।