ব্যাংকে ডাকাতির চেষ্টা অস্ত্রসহ ৩ ডাকাতের আত্মসমর্পণ

18

কাজির বাজার ডেস্ক

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা আত্মসমর্পণ করে বলে জানিয়েছেন র‌্যাব-১০-এর অধিনায়ক (সিও) খলিলুর রহমান হাওলাদার। তিনি জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের তিন সদস্য আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এর আগে, দুপুর ২টার দিকে ডাকাতরা গ্রাহকের ছদ্মবেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মুখে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করে। ব্যাংকের গেট ভেতর থেকে লাগিয়ে দেয় তারা। মসজিদের মাইকে এ খবর জানানো হলে স্থানীয়রা ওই শাখা ঘিরে ফেলেন ও বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকটি ঘেরাও করে রাখে।