কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের দাবী জানিয়ে ঘরে তুলে নিতে গত ৭ দিন ধরে প্রেমিকের বাড়ির বারান্দায় অবস্থান করছিল অন্ত:সত্ত্বা এক প্রেমিকা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলে রবিবার সন্ধ্যায় পুলিশ প্রেমিককে আটক করছে।
শমসেরনগর চা বাগানের রবিদাস টিলা শ্রমিক বস্তিতে ঘটনাটি ঘটে।
জানা যায়, জ্যোতি রবিদাস (১৯) সাথে প্রেমের সম্পর্ক ছিল আদমটিলা শ্রমিক বস্তির সন্তোষ যাদবকে (২২)কে। বিয়ে করতে অপারগতা প্রকাশ করলে ও অন্যত্র বিয়ের উদ্যোগ নিচ্ছে জেনে গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় এসে সন্তোষের বাড়ির প্রাঙ্গণে অবস্থান নেয় জ্যোতি। বিষয়টি টের পেয়ে প্রেমিক সন্তোষ বাড়ি থেকে পালিয়ে যায়। এভাবে টানা ৭ দিন প্রেমিকের বসত ঘরের বারান্দায় অবস্থানের পর জ্যোতি রবিদাস কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলে শমসেরনগর ফাঁড়ির পুলিশ সদস্যরা পালিয়ে থাকা সন্তোষ যাদবকে আটক করে।
জ্যোতি রবিদাস জানায়, গত কয়েক বছর ধরে সন্তোষ যাদবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এখন সে ২ মাসের অন্ত:সত্ত্বা। সন্তোষ ও তার পরিবারের লোকজন বিয়ের বিষয়ে শেষ করে তাকে ঘরে তুলে নিতে হবে। এটার সমাধান না হওয়া পর্যন্ত রবিবার বিকাল পর্যন্ত সে এ বাড়িতে অবস্থান করছিল।
শমসেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লিখিত অভিযোগে প্রেমিক সন্তোষ যাদবকে আটক করা হয়েছে।








