স্টাফ রিপোর্টার :
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারী শনিবার। এ ক্যাম্পেইনের আওতায় সিলেট জেলায় সাড়ে ৪ লাখেরও বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল এই তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর সিলেটে ৬ থেকে ১১ মাস বয়সী ৪৯ হাজার ৬৯৫ শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ১০ হাজার ৯৬৫ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। সব মিলিয়ে ‘এ’ ক্যাপসুল খাবে ৪ লাখ ৬০ হাজার ৬৬০ শিশু।
সিলেট জেলার ১২টি স্থায়ী কেন্দ্র এবং দুই হাজার ৪১৬টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। এছাড়া অতিরিক্ত আরো ১২টি কেন্দ্রসহ মোট দুই হাজার ৪২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে শিশুদের।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনে সিলেটে ৪ হাজার ৮৫৬ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে ক্যাম্পেইনের আওতায় নীল ও লাল রঙের ক্যাপসুল সিলেটে পৌঁছে গেছে। তবে এবার ভিটামিন ‘এ’ ক্যাম্পসুল ল্যাব কর্তৃক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমদানী করা হয়েছে। প্রতিটি শিশু ৬ থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী লাল ও নীল খাওয়ানো হবে। তিনি বলেন, প্রতিটি শিশু ভরা পেটে খেতে হবে।





