দুর্নীতিকে প্রতিরোধ করতে না পারলে সোনারবাংলা গঠন সম্ভব নয় – নূর-ই আলম

20

দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেট ও উপজেলা প্রশাসন সিলেট সদর এর সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেট এর আয়োজনে সততা সংঘের সদস্যদের উদ্যোগে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নের উমারইগাঁও উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) সিলেটের উপ-পরিচালক নূর-ই আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সিলেটের সাধারণ সম্পাদক ও এনজিও ফেডারেশন সিলেটের প্রেসিডেন্ট রোটারিয়ান বেলাল আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রোজিনা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কৃষি ব্যাংকের সাবেক এজিএম আহমদ আলী, সদস্য গোলজার আহমদ, সহকারী শিক্ষক আলতাফুর রহমান।
প্র্রধান অতিথির বক্তব্যে উপ-পরিচালক নূর-ই আলম বলেন, দুর্নীতির দুর্দশায় আজ আমরা জর্জরিত। দুর্নীতিকে প্রতিরোধ করতে না পারলে আমাদের সোনার বাংলা গঠন সম্ভব নয়। তাই আমাদের স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে আমাদের ভবিষ্যত প্রজন্মকে এখন থেকে দুর্নীতিকে ঘৃণা করতে শিখাতে হবে। তাদের মধ্যে সততার চর্চা করতে হবে। তাদের সামনে দুর্নীতির পরিণাম সম্পর্কে ওরিয়েন্টেশন দিতে হবে। তাহলে আমরা স্বল্প সময়ে একটি উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তোলতে পারবো।
অনুষ্ঠান পরিচালনায় করেন এস.এস.কে.এস এর স্বাস্থ্য প্রকল্পের পরিচালক আব্দুল কাদের। বিজ্ঞপ্তি