মৌলভীবাজার থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী মোঃ মাসুক আহমদ ৫ হাজার ৭২ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফয়াজ আলী ৩ হাজার ৮৭২ ভোট। ধানের শীষের প্রার্থী বাবুল আহমদ বাবুল ১৮৭ ভোট। আর আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলিম সেলু ০৭ ভোট পেয়েছেন।
রিটার্নিং অফিসা জুড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এনামুল হক জানান, নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সব কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। উৎসাহ ও উদ্দীপনায় মহিলা এবং পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ইউনিয়নে ১১টি কেন্দ্রে ৩১টি বুথে চলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আবু ইউছুফ বলেন, শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।’
এদিকে কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন বৃহস্পতিবার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। নির্বাচনে ৩ জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
ফুটবল প্রতীক নিয়ে মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) ৮৩৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। তার নিকটতম টিউবওয়েল প্রতীক নিয়ে মো: আক্কাছ আলী পেয়েছেন ৪৯৫ ভোট। অপর সদস্য প্রার্থী মোরগ প্রতীক নিয়ে মো: তোফায়েল করিম চৌধুরী পেয়েছেন ০১ ভোট।
আলীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে এই ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে মরহুম ইউপি সদস্য তাজুল ইসলাম চৌধুরীর পুত্র মো: তোফাজ্জল করিম চৌধুরী (শ্যামল) এ ওয়ার্ডেও ইউপি সদস্য নির্বাচিত হন।
কমলগঞ্জ রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর আলম তালুকদার জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ১৬৭২ জন। এর মধ্যে ১৩৮৬ ভোট কাষ্ট হয়েছে এবং ৫১টি ভোট বাতিল হয়েছে।






